মায়ের সঙ্গে বাজারে কেনাকাটা করতে এসেছিল ৭ বছরের শিশু হাফসা। কিন্তু বাড়ি ফেরার পথে পিপরোল নামক স্থানে একটি ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় সড়কে আছড়ে পড়ে সে। এতে মাথা ফেটে গুরুতর জখম হয়। এরপর উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শনিবার (১ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা সড়কের শেষপ্রান্তে পিপরোল স্ট্যান্ডে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হাফসা মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরোল গ্রামের প্রবাসী আকরাম হোসেনের কন্যা।
নিহত শিশুর স্বজনরা জানান, বাবা বিদেশে থাকায় ওই দিন সকালে শিশু হাফসা তার মায়ের সঙ্গে কেনাকাটা করতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে আসে। কেনাকাটা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে নসিমনে করে পিপরোল স্ট্যান্ডে নামে। এ সময় রাস্তা পার হতে গিয়ে একটি ভ্যানের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়ে যায় সে। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক শিশির কুমার জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার মাথা ফেটে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণামতে মনে হচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।