গাজীপুরের প্যানারোমা অ্যাপারেলস লি. নামে একটি তৈরি পোশাক কারখানায় রহস্যজনকভাবে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার সকালে কারখানায় কাজ চলাকালে অন্তত ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে কয়েকজন অজ্ঞান হয়ে যান এবং কয়েকজন সিঁড়িতে পড়ে আহত হন। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কারখানা কর্তৃপক্ষ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর আগে গত ৮ মে একই কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসা নিতে ২০ জন রোগী এসেছে; এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৬ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ভর্তি হওয়া শ্রমিকদের অধিকাংশ শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা এবং অস্বাভাবিক উপসর্গে ভুগছেন। অনেকেই স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।
স্থানীয় ও শ্রমিকদের বরাতে জানা যায়, সোমবার সকালে কারখানায় কাজ চলাকালে হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই আরও অনেকে একই ধরনের উপসর্গে আক্রান্ত হলে পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সহকর্মীরা দ্রুত তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
শ্রমিকদের অভিযোগ, কারখানার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা রয়েছে। তবে ঠিক কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডের পরিচালক মো. শামীম আহমেদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে সকেটে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার অ্যালার্ম বাজানো হয়। শ্রমিকরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৪-৫ জন সিঁড়িতে পড়ে কিছুটা আহত হন। আনুমানিক ২০ জন শ্রমিক ভয়ে অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, অসুস্থ শ্রমিকেরা ধীরে ধীরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরছেন।
এ বিষয়ে জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ মুঠোফোনে বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছেন। কারণ উদ্ঘাটন শেষে বিস্তারিত জানা যাবে।