গাজীপুরে সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন এসএটিভির চিত্র সাংবাদিক ও কোনাবাড়ী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গাজীপুর জেলা পুলিশের এক সংবাদ সম্মেলন শেষে জয়দেবপুর রেললাইন এলাকা থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশে অটোরিকশাযোগে রওনা দেন রেজাউল করিম। পথিমধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় পৌঁছালে অটোরিকশায় আগে থেকে থাকা দুই ব্যক্তি গাড়িটি থামাতে বাধ্য করে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে তারা অস্ত্রের মুখে রেজাউল করিমকে জিম্মি করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হাত ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
ভুক্তভোগী সাংবাদিক রেজাউল করিম বলেন, একজন গণমাধ্যমকর্মী হিসেবে আমার সঙ্গে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। নগরীর একজন সাধারণ নাগরিক হিসেবেও আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত সময়ের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো আপডেট পাওয়া যায়নি, তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নগরীতে ক্রমবর্ধমান ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সাম্প্রতিক সময়ে গাজীপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।