খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে গুইমারা বিজিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুদঅং মারমা (৪৫) রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া এলাকার রুইচাইঅং মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি হাসপাতালের সামনে বিপরীত লেনে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন এবং পরবর্তী সময়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং মামলা দায়েরের পর যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।