নরসিংদীর পলাশে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে কোনো ধরনের বিভেদ হতে দেবে না। সবাইকে বাংলাদেশি পরিচয় ও আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
গত রোববার (১৮ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, “সরকার দেশে জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে কোনো বিভেদ হতে দেবে না। সবাই বাংলাদেশি এবং বাংলাদেশি আদর্শ নিয়েই এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে সমাজ থেকে সকল অন্যায়-অনিয়ম দূর করে একটি শান্তিপূর্ণ আবাসন গড়ে তুলতে হবে।”
মতবিনিময় সভা শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির কমিটির নেতাদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন স্থানীয় সরকারমন্ত্রী।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।