দেশের গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য অধিকার, জীবিকা, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (জি-স্কপ) নতুন ২ যুগ্ম সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তাদের এই দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব প্রাপ্তরা হলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া ও জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় গার্মেন্টস শ্রমিক নেতারা বলেছেন, দেশের গার্মেন্টস শিল্প শ্রমিকদের ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার, চাকরির নিরাপত্তা, কর্মস্থলে সহিংসতা ও হয়রানি বন্ধ, স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক সুরক্ষাসহ নানা মৌলিক সংকটে জর্জরিত। এই বাস্তবতায় জি-স্কপ শ্রমিকদের ঐক্যকে আরও শক্তিশালী করে আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর।
সভায় বলা হয়, জি-স্কপ আগামী দিনে গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার উপযোগী মজুরি, ট্রেড ইউনিয়ন স্বাধীনতা, শ্রম আইন ও আইএলও কনভেনশন বাস্তবায়ন, অবৈধ ছাঁটাই বন্ধ, নারী শ্রমিকের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারণের দাবিতে দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করবে।