চট্টগ্রাম প্রতিদিন

জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় আলীকদমে সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে নারী সমাবেশ

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তথ্য অফিস, লামার উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাশেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চক্রবর্তী এবং আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আজহারুল ইসলাম।

সমাবেশে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, প্রবাসী কার্ড, প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ এবং স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

বিশেষ অতিথি সাইফুল ইসলাম রিমন বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করা হচ্ছে। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়ে তিনি সরকারি সেবা গ্রহণে সঠিক তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাশেদ জানান, মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সময় পরিবারের সঠিক তথ্য প্রদান এবং জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তথ্যসংগ্রহকারীদের সহযোগিতা করতে হবে। তিনি সরকারি ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাপ্তির পর ওটিপি (OTP), পিন (PIN) বা পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার না করার জন্য সতর্ক করেন।

তিনি সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা এবং জটিল রোগীদের অনুদান সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সরকারি সেবা গ্রহণে দালাল বা মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী অংশ নেন। পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।



সম্পর্কিত খবর