ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রায়গ্রাম ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে কালীগঞ্জ পৌরসভা একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিকেলে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা পরিষদের সচিব সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, আতিয়ার রহমান এবং বিএনপি নেতা তবিবুর রহমান মিনি।
বিকেলে সরকারি ভূষণ মাঠে দুই দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর ম্যাচটির উদ্বোধন করেন প্রধান অতিথি রাশেদ খান। এরপর রেফারির বাঁশিতে মাঠে বল গড়ায়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে কালীগঞ্জ পৌরসভা ফুটবল দলের বিদেশি খেলোয়াড় ঝুনু একমাত্র গোলটি করে জয় ছিনিয়ে আনেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হন পৌরসভা একাদশের অধিনায়ক হাসানুজ্জামান কায়েস। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জমজমাট ফাইনাল খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক, মোমেনুল হক খোকা, খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ ক্রীড়া সংস্থার সভাপতি আশরাফুজ্জামান রনি ও তৌফিকুজ্জামান কাজল। খেলায় ধারাভাষ্য দেন রবিউল ইসলাম।