নরসিংদী শহরে অনুমতি ছাড়া ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাতে নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজিদ আহমেদ জয় (২০), শহর ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭) এবং শহর ছাত্রলীগের ধর্ম ও ত্রাণবিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬)।
পুলিশ জানায়, শুক্রবার ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ করে শহরে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
পরে মিছিলের দৃশ্যচিত্র (ভিডিও) সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পুরো জেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, তামজিদ আহমেদ জয় নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসিন্দা। সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া সাতিরপাড়া কুমিল্লা কলোনি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং বিজয় সাহা পূর্ব ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ তথ্য সংগ্রহ ও শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। পরে সংগৃহীত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, “মিছিলে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।