খুলনা

ঝিনাইদহে নামের আংশিক মিল থাকায় কলেজছাত্রকে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার

ঝিনাইদহে নামের আংশিক মিল থাকায় এক কলেজছাত্র ও ব্যবসায়ীকে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ জেলা বিএনপির পরিবেশবিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালেক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর ভাতিজা রাকিব হাসান বন্ধন একজন কলেজছাত্র ও ব্যবসায়ী। সম্প্রতি ইউনিয়নভিত্তিক সারের ডিলার নিয়োগের জন্য তিনি আবেদন করেছেন। বন্ধনকে সামাজিকভাবে হেয় করার জন্য ২০২৩ সালের ছাত্রলীগের একটি কমিটিতে তাঁর সদস্যপদ রয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। ওই কমিটিতে 'বন্ধন মিয়া' নামের এক ছাত্রের নাম থাকলেও তাঁর ভাতিজার পূর্ণ নাম রাকিব হাসান বন্ধন। কেবল নামের আংশিক মিল থাকার কারণে তাঁকে ছাত্রলীগ বানিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।

আব্দুল খালেক আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তাঁর ভাতিজা বিভিন্ন মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিলেন এবং পুলিশের গুলিতে আহতও হয়েছেন। এর স্বপক্ষে তিনি কিছু ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে সরবরাহ করেন। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাকিব হাসান বন্ধন, পাগলাকানাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমান মণ্ডল, সাধারণ সম্পাদক গঞ্জের আলী খাঁ এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক উপস্থিত ছিলেন।

এদিকে ওই কমিটির বিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমরা ২০২৩ সালে একটি আহ্বায়ক কমিটি দিয়েছিলাম। সেই কমিটিতে বন্ধন মিয়া নামের একটি ছেলের নাম রয়েছে। তবে সেই বন্ধন আর রাকিব হাসান বন্ধন এক ব্যক্তি নন। রাকিব হাসান বন্ধনের সঙ্গে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই।"

 


সম্পর্কিত খবর