খুলনা

ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন

‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই স্লোগানে ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার সকালে শহরের পায়রা চত্বরে এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানবাধিকার সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, উই’র পরিচালক শরিফা খাতুন, নারী নেত্রী তৃপ্তি বিশ্বাস, রেবেকা সুলতানা, জান্নাতুল ফেরদৌস ও সাংবাদিক ময়না খাতুনসহ অন্যরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ঘরে বা বাইরে নয়, বর্তমানে অনলাইনেও বেড়েছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

 


সম্পর্কিত খবর