খুলনা

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঝিনাইদহ শহরের আইয়ুব মোড়সংলগ্ন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী গ্রামের আবুল মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে সিরাজুল নিজের বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সে সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

 


সম্পর্কিত খবর