রংপুর

ঠাকুরগাঁওয়ে ১৬ দিন ধরে বন্ধ উত্তরবঙ্গের সব রুটের বাস চলাচল

আন্তজেলা বাস মালিক সমিতির কোন্দলের কারণে ঠাকুরগাঁওয়ের সঙ্গে ১৬ দিন ধরে উত্তরবঙ্গের প্রায় সব জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা, অন্যদিকে মানবেতর জীবনযাপন করছেন মোটর শ্রমিকরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে দ্রুতই এ সমস্যার নিরসন হবে।

ঠাকুরগাঁও বাস টার্মিনাল এলাকায় সরেজমিনে দেখা যায়, টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন জেলাগামী মেইল ও লোকাল বাস। আগে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, দিনাজপুর ও রংপুর রুটে প্রতিদিনই চলাচল করত এসব বাস। যাত্রীরা টার্মিনাল থেকেই দূরপাল্লার বাসে উঠতে পারতেন। কিন্তু বর্তমানে অটোরিকশা বা ভ্যানে চড়ে অন্তত ১৫ কিলোমিটার দূরে গিয়ে তাঁদের বাসে উঠতে হচ্ছে। এতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

ঠাকুরগাঁও মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের তথ্যমতে, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, দিনাজপুর ও রংপুর রুটে প্রতিদিন সাদা, হলুদ ও সবুজ পতাকাধারী ৩৫টি মেইল বাস এবং ৩০টি লোকাল বাস চলাচল করে। সম্প্রতি রংপুর মোটর মালিক সমিতি এই রুটে আরও ৭টি বাস সংযোজন করতে চাইলে ঠাকুরগাঁও মোটর মালিক সমিতি ৪টির অনুমতি দেয় এবং বাকি ৩টির বিষয়ে আপত্তি জানায়। এ নিয়েই দুই পক্ষের মধ্যে কোন্দলের সূত্রপাত হয়, যা পরবর্তীতে সড়ক অবরোধের মতো কর্মসূচিতে রূপ নেয়।

সুজন নামের এক ভুক্তভোগী যাত্রী জানান, ব্যবসায়িক কাজে তাঁকে প্রতিদিনই দিনাজপুর ও রংপুরে যেতে হয়। কিন্তু গত ১৬ দিন ধরে ভেঙে ভেঙে ছুটে গিয়ে বাস ধরতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে এবং প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মর্জিনা আখতার নামের আরেক যাত্রী বলেন, মেয়ের চোখের চিকিৎসার জন্য তিনি পঞ্চগড় থেকে দিনাজপুর চক্ষু হাসপাতালে গিয়েছিলেন। যাওয়ার সময় ট্রেনে গেলেও ফেরার পথে বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে ফিরতে হচ্ছে। অসুস্থ মেয়েকে নিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন।

এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী বলেন, "আমাদের জেলার গাড়ি অন্য জেলায় ঢুকতে না দিলে আমরাও তাদের গাড়ি ঢুকতে দেব না। ছোট জেলা বলেই বারবার আমাদের ওপর এ ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। আমাদের শ্রমিকরা ১৬ দিন যাবৎ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত তাঁদের এই কষ্ট লাঘব করতে হবে।"

জেলা মোটর মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী জানান, স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে খুব দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে।

আন্তজেলা মোটর মালিক সমিতির এ কোন্দলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু, কর্মজীবী ও অসুস্থ যাত্রীরা। দীর্ঘ ১৬ দিন ধরে চলা এই অচলাবস্থার অবসান ঘটিয়ে ক্ষতিগ্রস্ত যাত্রী ও শ্রমিকদের দুর্দশা লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা সবার।



সম্পর্কিত খবর