রংপুর

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২, আহত ১

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হোসেন (৬০) ও অর্ণব ইসলাম (১৩) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়িহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী আবুল হোসেন রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে এবং অর্ণব ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে একটি মোটরসাইকেল বালিয়াডাঙ্গীর দিক থেকে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। নেংড়িহাট এলাকায় আবুল হোসেন সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের দুই আরোহীও গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অর্ণব ইসলামের মৃত্যু হয়। মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 


সম্পর্কিত খবর