মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে প্রাণ গেল আটজনের। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭৪ জনে। একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে গেল ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
সেই হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দুটোই অনেক বেশি। মৌসুম পেরোলেও কমছে না রোগটির প্রকোপ। যা আতঙ্ক সৃষ্টি করেছে দেশজুড়ে।
ঝালকাঠিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছে ১৩ জন। এনিয়ে সদরসহ জেলার চারটি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৪০ জন। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে শুধু এই হাসপাতালেই ভর্তি হয়েছেন ৮৩ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে নারী ও শিশু ৫০ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলা শহরের কাটপট্টি, বান্দা ঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকির বাড়ি সাতটি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হলেও ডেঙ্গুর প্রকোপ কমেনি।
সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় দুই হাজার ৯১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৮৭২ জন। এবছর আক্রান্তের এই সংখ্যা বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুণও ছাড়িয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা বলছেন, জ্বর হলে দ্রুত পরীক্ষা করার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
চিকিৎসকরা জানান, ঝালকাঠি শহরের খালগুলো অপরিচ্ছন্ন এবং শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনায় পানি জমে ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে। ফলে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান সানি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আশা করছি নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম দিকে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে, রোগীর সংখ্যাও কমে যাবে।