নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশকে (৫০) কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে লোহাগড়া টেলিফোন অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত পলাশ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার নজির শেখের ছেলে।
আহত বিএনপি নেতা রবিউল ইসলাম পলাশ জানান, মঙ্গলবার দুপুরে লক্ষীপাশা টেলিফোন অফিসের সামনে এলে রিয়াজুল ও মো. পলাশসহ কয়েকজন তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে হাবিবুর রহমানের নির্দেশে তাঁরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত মো. পলাশ ও তাঁর সহযোগীরাও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে জানা গেছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান বলেন, ‘বিএনপি নেতা রবিউল ইসলাম পলাশকে জখম করার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করছি।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলাম পলাশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এ ঘটনায় মো. পলাশসহ তাঁর সহযোগীদের দায়ী করেছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।