খুলনা

নতুন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ না দেওয়ার দাবিতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নতুন করে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ না দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ঝিনাইদহের কাজীরা। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পেশ করেন তাঁরা।

এ সময় বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্টার কল্যাণ ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি আব্দুস সুবহান, সহসভাপতি সাইদুর রহমান, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ থানার সভাপতি ইসরাইল হোসেন, সদস্য সাইদুর রহমান ও উমর ফারুকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান শেষে তাঁরা বলেন, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে ৫ থেকে ৭টি বিবাহ রেজিস্ট্রি করেন। এই সীমিত উপার্জনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে পরিবার-পরিজন নিয়ে সংসারের খরচ চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এর মাঝে যদি আবারও প্রতিটি ইউনিয়নে নতুন করে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়, তবে বর্তমান নিকাহ রেজিস্ট্রাররা আর্থিক অনটনে পড়বেন। তাই সরকারের এই সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানান তাঁরা।

 


সম্পর্কিত খবর