ঢাকা

নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শনিবার (১১ এপ্রিল) সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ ছয়জন প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার একটি বিশেষ টিম।

গণশুনানিতে জুলাই আন্দোলনে গুলিবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা আবেগঘন পরিবেশে ন্যায়বিচারের জোর দাবি জানান। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট আইনজীবীরাও।

শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, নিহত ও আহতদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতেই ট্রাইব্যুনাল নরসিংদীতে এসেছে। তিনি সত্য উদঘাটনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, তদন্তে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এই গণশুনানির মাধ্যমে জুলাই আন্দোলনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার প্রক্রিয়া আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



সম্পর্কিত খবর