ঢাকা

নরসিংদীতে মেঘনায় গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় সহপাঠীদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর বিকেল পৌনে ৪টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান।

 

সহপাঠী ওয়ালী জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪ থেকে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদী রেলস্টেশনে আসে। পরে তারা শহরতলীর নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে যায়।

 

একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী নাগরিয়াকান্দি এলাকার মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানার কারণে মাহির শাহরিয়ারসহ তিনজন নদীর প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও মাহির নিখোঁজ হয়ে যায়।

 

পরে সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে না পেলে ঢাকা থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে বিকেল পৌনে ৪টার দিকে নদী থেকে মাহিরের মরদেহ উদ্ধার করা হয়।

 

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। নিহত শিক্ষার্থীর অভিভাবকরা ঢাকা থেকে আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পর্কিত খবর