বিনোদন

না ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস

চলে গেলেন জনপ্রিয় ফরাসি-মরক্কো অভিনেত্রী নাদিয়া ফারেস। শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। প্রায় এক সপ্তাহ কোমায় থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

 

 

নাদিয়ার দুই কন্যা সিলিয়া ও শানা চ্যাসম্যান এক বিবৃতিতে তাদের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা জানান, ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের মাকে।

 

ফরাসি সংবাদমাধ্যম ‘লে ফিগারো’র তথ্য অনুযায়ী, গত ১১ এপ্রিল প্যারিসের একটি স্পোর্টস কমপ্লেক্সের সুইমিং পুলে নাদিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। একজন সহ-সাঁতারু তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা (সিপিআর) দেন।

 

 

এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে ‘মেডিকেল কোমা’য় রাখেন। সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও প্রাথমিকভাবে কোনো অপরাধের চিহ্ন পাওয়া যায়নি।

মায়ের মৃত্যুতে বড় মেয়ে সিলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন।

 

 

তিনি লিখেছেন, জীবন যে রাতারাতি কতটা বদলে যেতে পারে, তুমি আমাকে তা শিখিয়ে দিয়ে গেলে। তুমি আমাদের জন্য লড়াই করেছ, তোমাকে ধন্যবাদ।

১৯৬৮ সালে মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া নাদিয়া বড় হয়েছেন ফ্রান্সের নিস শহরে। ১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ ছবির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। তবে ২০০০ সালে মুক্তি পাওয়া পুলিশ থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’ তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়।

 



সম্পর্কিত খবর