নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
আদালত চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সম্প্রতি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে লন্ডনে দেখা করেছেন। তিনি (তারেক) তাঁকে নড়াইল-২ আসনে 'ঘরে ঘরে কাজ করার' নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, "এ লক্ষ্যে আমি নিয়মিত গণসংযোগ করছি, মানুষের দোরগোড়ায় যাচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।"
২০১৮ সালের নির্বাচনেও তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন উল্লেখ করে ড. ফরহাদ আশা প্রকাশ করেন, এবারও তিনি মনোনয়ন পাবেন। তবে তিনি বিভেদ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, "মনোনয়ন যে কেউ পান না কেন; তার জন্য সবাই একযোগে কাজ করবো। আমরা সবাই ধানের শীষের ছাতার নিচে থাকতে চাই।"
এনপিপি চেয়ারম্যান ড. ফরহাদ আরও বলেন, মাদক, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না। তিনি দুর্নীতিমুক্ত নড়াইল তথা বাংলাদেশ গড়তে চান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি কেউ চাঁদাবাজি করতে চান, তা সহ্য করা হবে না। কেউ চাঁদা চাইলে আমাকে বলবেন, আমি তারেক রহমানকে জানিয়ে দিবো।"
তিনি অঙ্গীকার করেন, বিএনপি সরকার গঠন করলে নড়াইলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সার্বিক উন্নয়ন করা হবে এবং আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নড়াইলে নিয়ে আসা হবে।
শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন— নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা আবু মুসা, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ অনেকে।