পঞ্চগড়ের গণমাধ্যমকর্মী ও মাইটিভির পঞ্চগড় প্রতিনিধি আবু তাহের আনসারী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৬টায় নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ব্রেন ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন নিজ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের বরমাতল এলাকায়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পঞ্চগড় প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সর্বস্তরের সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় তেঁতুলিয়ার বরমাতল এলাকায় নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আবু তাহের আনসারী তেঁতুলিয়া প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি মাইটিভি ছাড়াও দৈনিক ভোরের ডাক, দৈনিক ইনকিলাব, দৈনিক আজকের প্রতিভা ও দৈনিক খবরপত্রসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হিসেবেও কর্মরত ছিলেন।