পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সনাতনীদের জড়িয়ে অসাম্প্রদায়িক প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চরিত্রহননের জঘন্য অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং শেরেবাংলা পার্কের সামনে বিজয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন হিন্দুবৌদ্ধখ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অন্ন প্রসাদ রায়, পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় এবং দীপ্তি রানী রায় ও কল্পনা রানী রায় নামের দুই সনাতন ধর্মাবলম্বী নারী।
পঞ্চগড়ের সনাতন ধর্মাবলম্বীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, "পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সুসম্পর্ক রয়েছে। এটি নষ্ট করার উদ্দেশ্যে প্রতিপক্ষ প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। প্রতিমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সবসময় আগলে রাখেন। আমরা একত্রে মিলেমিশে থাকতে চাই। কিন্তু এটি বিরোধী পক্ষের সহ্য হচ্ছে না।"
বক্তারা আরও বলেন, "আপনারা পরিবর্তন হন, সংশোধন হন। কারও নামে মিথ্যা অপবাদ দেবেন না, ভিডিও প্রকাশ করে সম্মানহানি করবেন না। প্রযুক্তির যুগে অনেক কিছুই বানানো সম্ভব, যা সাধারণ মানুষ বোঝেন। সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়েছে। ওই প্রতিবেদনে সনাতনীদের ইঙ্গিত করে প্রতিমন্ত্রীকে হেয় করার অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এই চক্রান্তকারীদের দ্রত খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।"
উক্ত বিক্ষোভ মিছিলে কয়েক শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।