নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, কুপিয়ে জখম এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের খসমর্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় ডা. আমির হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দিলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ছেলে ও মেয়ে পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার রাতে কনের পক্ষের লোকজন সাজ্জাদ নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বরের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে এবং পাল্টা হামলা চালায়। একপর্যায়ে তারা কনের পক্ষের ডা. আমির হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরের আসবাবপত্রসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, বিচারহীনতার সংস্কৃতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ প্রয়োজন।