পরিবেশ রক্ষা ও "গ্রিন বাংলাদেশ" বিনির্মাণের অঙ্গীকার নিয়ে পটুয়াখালীর বাউফলে এক হাজারেরও বেশি শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলে বগা ইউনিয়ন পরিষদের আয়োজনে বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গনি সিকদার বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে এখনই বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি বলেন, “প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে যত্ন নেয়, তবে খুব দ্রুতই আমরা একটি সবুজ বাংলাদেশ পাব।”
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগা ইউপি চেয়ারম্যান জামাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মহিউদ্দীন, বগা ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলাম, ছাত্রশিবির নেতা মুজাহিদুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম মৃধা, ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান বাবুল মৃধা ও যুবদল নেতা শামীম মৃধা প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু চারা রোপণ নয়, এর পরিচর্যাও করতে হবে। পাশাপাশি নিজ বাড়ি, রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।