নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ট্রেজারার পদে বহিরাগত কেউ নন, নিজ ক্যাম্পাসের শিক্ষক পরিষদ থেকেই ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের যোগ্য কোনো শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের দাবি জানান।
২৬ জুলাই রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা এ দাবি-সংক্রান্ত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য রয়েছে। ফলে প্রতিনিয়ত নানা জটিলতা দেখা দিচ্ছে এবং ব্যাহত হচ্ছে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। দক্ষ শিক্ষাবিদ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখা শিক্ষকদের প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় থেকেই এ পদে নিয়োগের দাবি জানান তাঁরা।
তাঁরা বলেন, “নিজ বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত কোনো শিক্ষককে কেন এই পদে নিয়োগ দিতে হবে? যেসব শিক্ষক বিগত দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন, তাঁদের মূল্যায়ন করার সময় এখন এসেছে।”
শিক্ষার্থীদের দাবি, বাইরের বিশ্ববিদ্যালয় থেকে কোনো ট্রেজারার নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের প্রতি তাঁদের দায়বদ্ধতা কম থাকে এবং নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়।
এ ছাড়া নতুন কেউ দায়িত্বপ্রাপ্ত হলে প্রতিষ্ঠানের পরিবেশ ও সার্বিক বিষয় বুঝতে বুঝতেই অনেক সময় পার হয়ে যায়। মেয়াদ শেষ হয়ে আসার পর তিনি আবার চলে যান। তাই শিক্ষার্থীদের একটাই দাবি—এই বিশ্ববিদ্যালয় থেকেই যোগ্য কোনো শিক্ষককে ট্রেজারার নিয়োগ দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করা হোক।