বরিশাল

বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

বরগুনার বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আলোচনা সভা, সংবর্ধনা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) বেলা ৪টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে এতে বক্তব্য দেন বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালা উদ্দিন হাওলাদার, বামনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ইদ্রিস আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন, নিহত জুলাই-যোদ্ধা মোঃ শাকিলের মাতা মোসাঃ হেলেনা বেগম, নিহত জুলাই-যোদ্ধা মোঃ ইসাহাকের চাচা মোঃ আনোয়ার হোসেন, আহত জুলাই-যোদ্ধা মোঃ নুর হোসাইন ও মোঃ মোস্তাফিজুর রহমান রাজীব প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসিব।

দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ভূমিকা’। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর