অর্থনীতি ও বাণিজ্য

বাড়তি মজুরি কার্যকরের তারিখ অপরিবর্তিত: বিজিএমইএ

মজুরি বোর্ডের সভা স্থগিত হলেও পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকরের তারিখ অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু।  তিনি বলেন, মজুরি বোর্ডের প্রথম সভাতেই বাড়তি মজুরি কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

 

ফলে একটি সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের উদ্বিগ্ন বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

বিজিএমইএ সভাপতি বলেন, ১ নভেম্বরের আগে মজুরি নিয়ে শ্রমিকদের আন্দোলনের কিছু যৌক্তিকতা থাকলেও ১ নভেম্বরের পর ভাঙচুর, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং জোর করে শ্রমিকদের কর্মস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।

 

পোশাকশ্রমিকদের উদ্দেশে বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ডের একটি সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

 

প্রথম সভাতেই নতুন মজুরি কার্যকরের তারিখ নির্ধারিত হয়েছে। তাই কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে শ্রমিকদের উৎপাদন প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়েছে। এখন বোর্ডকে কাজ করার সুযোগ দিতে হবে। চলতি মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন। তার নিজের হাতে ক্ষমতা থাকলে পরদিনই মজুরি ঘোষণা করতেন। তবে এ জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

 

মজুরি বোর্ডে পোশাকশিল্পের প্রতিনিধি হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই প্রতিনিধি তার দায়িত্ব পালন করছেন। তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

 

বোর্ডের একজন সদস্য অসুস্থ হওয়ার কারণে মজুরি বোর্ড সভা স্থগিত করেছে। এর দায় মালিকদের ওপর চাপানো ঠিক নয় উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার দায় মালিকপক্ষের ওপর চাপানো হচ্ছে, যা তারা সঠিক বলে মনে করেন না। এ কারণে কারখানার কাজ বন্ধ হয়ে যাওয়া এবং মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ার বিষয়টিরও তিনি উল্লেখ করেন।

 

তিনি বলেন, বিভিন্ন কারখানার মালিক টেলিফোন করে তাদের আর্থিক সংকটের কথা জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, বর্তমান পরিস্থিতিতে তারা দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বিজিএমইএর সভাপতি হিসেবে এসব উদ্বেগ তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

 

সেমিনারে অধ্যাপক ড. এম এম আকাশের মূল বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, দেশের পোশাকশিল্পের পাশাপাশি অন্যান্য আনুষ্ঠানিক খাতের শ্রমিক-কর্মচারীদের মজুরি ও সুযোগ-সুবিধা নিয়েও গবেষণা করা প্রয়োজন। এতে বিভিন্ন শিল্পের মধ্যে তুলনামূলক চিত্র পাওয়া যাবে।

 

তিনি বলেন, একটি শিল্প অন্য শিল্পের তুলনায় অনেক বেশি সুবিধা দিতে সক্ষম হলেও সেটি বাস্তব অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। অন্যথায় শ্রমিকের চাহিদা একটি শিল্পের দিকে কেন্দ্রীভূত হবে এবং অন্য শিল্পগুলো সমস্যায় পড়বে।

 

প্রতি তিন বা পাঁচ বছর পরপর মজুরি নিয়ে নতুন করে অস্থিরতা ও শ্রমিক-মালিকের মধ্যে দূরত্ব তৈরি হওয়া বন্ধ করতে স্থায়ী মজুরি কাঠামো প্রণয়নের প্রস্তাব দেন বিজিএমইএ সভাপতি।

 

তিনি বলেন, প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে মজুরি বাড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। এতে একবারে বড় অঙ্কের মজুরি বৃদ্ধির চাপ তৈরি হবে না। বিষয়টি বাস্তবসম্মত এবং এ নিয়ে আরও গবেষণা ও আলোচনা প্রয়োজন।

 

তার মতে, মূল্যস্ফীতির পাশাপাশি মজুরি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য উপাদানও বিবেচনায় নেওয়া যেতে পারে। একবারে তিন বা পাঁচ বছরের মজুরি বৃদ্ধির চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। এর প্রভাব ক্রেতাদের কাছ থেকে পর্যাপ্ত মূল্য আদায়ের ক্ষেত্রেও পড়ে এবং শেষ পর্যন্ত কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি বাড়ে।

 

পোশাকশিল্পের বর্তমান সক্ষমতা ও কারখানা বন্ধ হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একসময় বিজিএমইএর সদস্য কারখানার সংখ্যা ছিল প্রায় ৭ হাজার ২৬৩টি। বর্তমানে প্রায় ২ হাজার ২৫০টি কারখানা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাকি প্রায় চার হাজার কারখানার অধিকাংশই ব্যবসায়িক সংকটের কারণে বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে। ইচ্ছাকৃতভাবে কারখানা বন্ধ করার প্রবণতা দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, কিছু কারখানা ভালো করছে। বেতন বৃদ্ধির ক্ষেত্রগুলোকে পুরো শিল্পের মানদণ্ড হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং সর্বনিম্ন সক্ষমতার কারখানাগুলোর অবস্থাও বিবেচনায় নিয়ে এমন মজুরি নির্ধারণ করতে হবে, যা অধিকাংশ কারখানার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব।

 

প্রতিযোগী দেশের সঙ্গে সামঞ্জস্য রাখার তাগিদ

 

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতার বিষয়টি তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর উৎপাদন ব্যয় ও মজুরি কাঠামো বিবেচনায় নেওয়া জরুরি।

 

তিনি বলেন, একজন ক্রেতা পোশাক কেনার ক্ষেত্রে মূলত পণ্যের ল্যান্ডেড কস্ট বিবেচনা করেন। সেখানে উৎপাদন ব্যয়, শ্রমিকের মজুরি, পরিবহন খরচ ও পণ্য হাতে পৌঁছানোর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক ড. এম এম আকাশ। এছাড়া আরও বক্তব্য রাখেন শ্রম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিকনেতা আবুল হোসেন, তৌহিদুর রহমান ও নাজমা আক্তার প্রমুখ। 

 

সংগঠনের সভাপতি মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন কাজী রুহুল আমিন।

 



সম্পর্কিত খবর