বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস সেল আমদানি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর থেকে চালানটি খালাস করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যশোর সেনানিবাসে (ক্যান্টনমেন্ট) পাঠানো হয়।
বন্দর সূত্রে জানা গেছে, ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ ১৪৫টি কাঠের বাক্সে টিয়ার গ্যাস সেলের চালানটি বাংলাদেশে পাঠায়। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ‘সিনসিয়ার ইন্টারন্যাশনাল’।
খালাস প্রক্রিয়া শেষে ‘ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩’ নম্বরের একটি কাভার্ডভ্যানে করে চালানটি যশোর সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হয়।
বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আমদানীকৃত টিয়ার গ্যাস সেল আগামী ৯ আগস্ট যশোর সেনানিবাস থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে।
তিনি আরও বলেন, চালানটি বন্দরে পৌঁছানোর পর দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।