সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লাভজনক হওয়া সত্ত্বেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হয়েছে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ ট্রেনটি। আগামীকাল রোববার (১১ জানুয়ারি) থেকে ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম ও টিকিট ব্যবস্থাপনা পরিচালনা করবে।
রেলওয়ে সূত্র জানায়, তিন বছরের জন্য এই রুটটি লিজ দেওয়া হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার ফলে ট্রেনটি এখন থেকে সপ্তাহের সাত দিনই চলাচল করবে; আগে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকত। তবে এই সিদ্ধান্তের ফলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও স্থানীয়রা। তাদের আশঙ্কা, বেসরকারি খাতে যাওয়ার ফলে যাত্রীসেবার মান হ্রাস পেতে পারে এবং ট্রেনের ভেতরে চোরাচালানিদের দৌরাত্ম্য বাড়তে পারে।
বর্তমানে এই ট্রেনটি থেকে মাসে গড়ে ৪০ থেকে ৪৫ লাখ টাকা রাজস্ব আয় করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রী আনোয়ারুল ইসলাম জানান, বাসের তুলনায় অর্ধেক সময়ে এবং মাত্র ৪৫-৫০ টাকায় এই রুটে যাতায়াত করা যায় বলে এটি অত্যন্ত জনপ্রিয়। তিনি বলেন, “লাভজনক এই ট্রেনটি কেন বেসরকারি খাতে দেওয়া হলো তা আমাদের বোধগম্য নয়।”
বেসরকারি ব্যবস্থাপনায় গেলে বগি সংখ্যা কমানো এবং টিকিট বিক্রিতে অনিয়মের আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা। তবে টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন আহমেদ জানিয়েছেন, সরকারি নিয়ম মেনেই তারা দায়িত্ব নিয়েছেন এবং আগামীকাল থেকেই তাদের অধীনে টিকিট বিক্রয় শুরু হবে।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বেসরকারি ব্যবস্থাপনায় গেলেও আপাতত ভাড়া বাড়ানো হচ্ছে না। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পাকশী) মিহির কুমার গুহ বলেন, “রেলওয়ের নীতিমালা মেনেই স্বচ্ছ প্রক্রিয়ায় এটি লিজ দেওয়া হয়েছে। যদি কোনো অব্যবস্থাপনা দেখা দেয়, তবে যেকোনো সময় লিজ বাতিলের ক্ষমতা রেল কর্তৃপক্ষের রয়েছে।”