ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কালীগঞ্জ শহরের কাঁচামাল হাট এলাকায় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী আবু তালিবের উপস্থিতিতে দলটির নেতারা অভিযোগ করেন, প্রচারণার শুরুতেই একটি বিশেষ গোষ্ঠী ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। তাঁরা বলেন, সম্প্রতি ছাত্রশিবিরের কালীগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি হুসাইন আহম্মেদকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এছাড়া উপজেলার জামাল ও কোলা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে।
জামায়াত নেতারা আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার এনায়েতপুর গ্রামে অগ্নিসংযোগ ও উপজেলার বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাঁরা বলেন, স্থানীয় প্রশাসন একটি বিশেষ পক্ষকে আচরণবিধি লঙ্ঘনে ছাড় দিচ্ছে এবং অভিযোগ জানালেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা দৃশ্যমান হচ্ছে না।
কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান এবং জেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম। এসময় নেতৃবৃন্দ অবিলম্বে এলাকায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।