খুলনা

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার শ্যামকুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রুবেল শ্যামকুর মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রুবেলসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। সে সময় পশ্চিমবঙ্গের নদীয়ার হাঁসখালী থানার মহেন্দ্র ক্যাম্পের বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সঙ্গীরা তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় একজন আহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন এবং বিজিবি সদস্যরা তাঁর পরিবারের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখছেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।

 


সম্পর্কিত খবর