খাগড়াছড়ির মাটিরাঙায় ‘বনফুল’ সুইটস অ্যান্ড বেকারির একটি শাখায় বাসি-পচা মিষ্টির সঙ্গে নতুন মিষ্টি মিশিয়ে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
সূত্র জানায়, মাটিরাঙা বনফুলের শাখা থেকে কিনে নেওয়া কালোজাম মিষ্টি খেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুকে জানানো হলে তিনি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরবর্তী সময়ে মাটিরাঙা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান ভোক্তাকে পচা মিষ্টি দেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগের ভিত্তিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বনফুল কর্তৃপক্ষকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নিম্নমানের বা বাসি খাদ্যপণ্য বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বাজারে খাদ্যপণ্যের মান, মূল্য ও মেয়াদ নিশ্চিত করতে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।
মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, "জনস্বার্থে বাজার মনিটরিং এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"