রাজশাহী

মাঠে পাকা ধান, ঘরে তোলার আগেই বৃষ্টি; আগাম আলু চাষ নিয়ে দুশ্চিন্তা

কেটে ফেলা আমন ধানের ক্ষেত বৃষ্টির পানিতে ভিজেছে। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কাচাকুল গ্রামের মাঠ থেকে তোলা।

এক ফসল ঘরে তুলেই আরেক ফসলের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। জমি প্রস্তুত, আলুর বীজ কেনা, ধান কাটার অপেক্ষা—সবই চলছিল পরিকল্পনা অনুযায়ী। কিন্তু শুক্রবার বিকেলের বৃষ্টি সেই হিসাব বদলে দিয়েছে। মাঠে পড়ে আছে পাকা আমন ধান। কোথাও কাটা ধান ভিজছে, কোথাও ধান কাটার কাজ বন্ধ রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় আগাম আলু চাষ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। একদিকে মাঠের ফসল, অন্যদিকে পরবর্তী আবাদ—দুই নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন জয়পুরহাটের কৃষকেরা।

জেলার ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের কৃষক ফরিদ উদ্দিন তিন বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। ইতোমধ্যে দেড় বিঘার ধান ঘরে তুলেছেন এবং বাকি দেড় বিঘা ধান কাটতে শ্রমিক পাঠিয়েছিলেন। কিন্তু অসময়ের বৃষ্টিতে সেই ধান মাঠেই ভিজে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তিনি।

ফরিদ উদ্দিন বলেন, ‘দেড় বিঘা ধান ঘরে তুলেছি। বাকি দেড় বিঘা কাটতে শ্রমিক পাঠিয়েছিলাম। কিন্তু শুক্রবার বিকেলের বৃষ্টিতে ধান মাঠেই ভিজছে।’

একই গ্রামের কৃষক আহসান হাবীব ফরহাদের সাত বিঘা জমির আমন ধান এখনো ঘরে তোলা হয়নি। ধান কাটার পরপরই আগাম আলু চাষ শুরু করার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। বীজও কিনে রেখেছেন, জমি প্রস্তুতের কাজও প্রায় শেষ। কিন্তু বৃষ্টির কারণে ধান কাটতে না পারায় থমকে গেছে পরবর্তী চাষের পরিকল্পনা।

আহসান হাবীব ফরহাদ বলেন, ‘সাত বিঘা জমির ধান এখনো মাঠে পড়ে আছে। বৃষ্টির কারণে আজই ঘরে তুলতে পারিনি। আগাম আলুর বীজ কিনে রেখেছি, জমিও প্রায় প্রস্তুত। ধান তুলতে না পারায় আলু চাষ নিয়ে দুশ্চিন্তায় আছি।’

জয়পুরহাটে এ বছর ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। পাশাপাশি আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার ৪০০ হেক্টর। দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা হওয়ায় আমন ধান কাটার পরপরই আগাম আলু চাষ শুরু করেন অনেক কৃষক। ফলে অসময়ের এই বৃষ্টি শুধু মাঠের পাকা ধানকেই ঝুঁকিতে ফেলেনি, পরবর্তী ফসলের আবাদও ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুনজু আলম সরকার বলেন, ‘অসময়ের বৃষ্টিতে কৃষকের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় এখনই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বলা যাচ্ছে না। আবহাওয়া ও পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।’



সম্পর্কিত খবর