খুলনা

মৃত ছাগল জবাইয়ের সময় জনতার হাতে ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বিক্রির উদ্দেশ্যে মৃত ছাগল জবাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন আলমগীর হোসেন নামে এক ছাগল ব্যবসায়ী। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। সোমবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ প্রধান বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোটর শ্রমিক আলতু জানান, বিকেলে ১০টি ছোট-বড় ছাগলবোঝাই একটি ইজিবাইক টার্মিনালে আসে। এ সময় ছাগল ব্যবসায়ী কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর ইজিবাইকের ভিতর থেকে একটি ছোট মরা ছাগল ও একটি আধামরা ছাগল নামান। এরপর তিনি একাই পা দিয়ে চেপে ধরে মরার পাশাপাশি ওই দুটি ছাগল জবাই করছিলেন। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন ওই মরা জবাই করা ছাগলসহ ব্যবসায়ীকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি পরিদর্শক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনাস্থল বাস টার্মিনালে আসেন। তাঁরা প্রত্যক্ষদর্শীদের মুখে মরা ছাগল জবাইয়ের ঘটনা শোনেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মরা ও অসুস্থ ছাগল জবাইয়ের অপরাধে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জবাই করা ছাগল বাজেয়াপ্ত করে তা মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।



সম্পর্কিত খবর