নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান আবেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার রায়পুরা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) ভোরে নরসিংদী সদর মডেল থানার গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নরসিংদী মডেল থানার মামলা নম্বর-১৯(৮)২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুর রহমান আবেদকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে সঙ্গে নিয়ে অভিযানে নামে পুলিশ।
অভিযানকালে বুধবার আনুমানিক ভোর ৪টা ৫০ মিনিটে গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে আবেদের দেখানো স্থান থেকে একটি ম্যাগাজিনযুক্ত খয়েরি রঙের প্লাস্টিকের বাটওয়ালা বিদেশি পিস্তল, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, পিস্তলের ৫ রাউন্ড গুলি এবং বন্দুকের ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহমান আবেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোলপুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।