যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন শরিফুল ইসলাম। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। জনসমাগমপূর্ণ বাজার এলাকায় এমন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান চলছে।