কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জামায়াত কর্মী আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সূত্রপাত উপজেলার আব্দুল গফুর মার্কেট এলাকায়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, জামায়াত প্রার্থীর স্ত্রী মাহমুদা আক্তার হ্যাপী বিএনপির প্রার্থীর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছেন। এ বিষয়ে রাজিবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অন্যদিকে, জামায়াতের অভিযোগ—গত শুক্রবার রাতে মোহনগঞ্জ ইউনিয়নের কীর্তনতারি এলাকায় নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে দুই কর্মীর ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছে বিএনপি সমর্থকরা। আহত মোকছেদ আলী (৩২) ও আছমত আলী (৪৫)-কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
উপজেলা জামায়াতের আমির আবুল বাসার মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, “প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমরা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।”
পাল্টা বক্তব্যে মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান মাস্টার বলেন, “কথাকাটাকাটি থেকে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছি।”
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম শামীম জানান, নির্বাচনী সহিংসতা বরদাশত করা হবে না। তিনি বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”