নওগাঁর রাণীনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে বগুড়া ও নাটোরের সিংড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও গরুগুলো উদ্ধার করা হয়। এর আগে সিংড়া এলাকা থেকে চোর চক্রের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গত ১০ জুলাই রাতে উপজেলার গোনা দিঘীরপাড় পশ্চিমপাড়া গ্রামের খোকন সরদারের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় খোকন সরদার ১২ জুলাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৫ জুলাই নাটোরের সিংড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৪২), ফেরদৌস হোসেন (২৬) ও আসলাম দেওয়ানকে (৪৩) গ্রেপ্তার করা হয়।
এরপর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সান্তাহার কোমল দোগাছী গ্রামের আলাউদ্দীনের ছেলে গোলাম রব্বানী পাখিটারকে (৩৯) বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম রব্বানীর দেওয়া তথ্যমতে, ওই রাতেই নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের পতিত চন্দ্র হাওলাদারের ছেলে সুজীত চন্দ্র ওরফে অজিত চন্দ্র হাওলাদারকে (৪০) এবং একই উপজেলার বড় বাড়ুইহাটি গ্রামের সুমেন রাজবংশীর ছেলে সুচন্দন রাজবংশী ওরফে সজলকে (২৭) গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাঁদের বাড়ি থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা গরুগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিজেদের হেফাজতে রেখেছিল বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে। তবে উদ্ধার করা গরুর প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।