রাজশাহী

রাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবার

নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামের এক কিশোরীর। দীর্ঘ এই সময়ে মেয়ের কোনো খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি।

নিখোঁজ সানজিদা সানু উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেকের আলী সরদারের মেয়ে।

সানজিদার মা মোছা. মুক্তি বিবি জানান, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে বাড়ি থেকে আবাদপুকুর বাজারের উদ্দেশে বের হয় সানজিদা। এরপর সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। দীর্ঘ আড়াই মাসেও মেয়ের খোঁজ না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। দ্রুত তাকে খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে, কেউ কিশোরীটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, নিখোঁজের পর মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে, তবে এখনো সন্ধান মেলেনি। পরিবারটি সম্ভবত আদালতে মামলা করেছে এবং বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটি তদন্ত করছে।

 


সম্পর্কিত খবর