অর্থনীতি ও বাণিজ্য

রিজার্ভ চুরি মামলায় শতবার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে একশবারের মতো পেছাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

 

 

বুধবার (২৫ নভেম্বর) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন করে আগামী ৩০ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

 

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়।

 

 

ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন। এ মামলা দায়ের করা হয় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে। একদিন পর, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন।

 

 

তখন থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 



সম্পর্কিত খবর