টপ নিউজ

হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধারে হাইকোর্টের নির্দেশ

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩ আগস্ট) এ নির্দেশ দেন।

একই সঙ্গে এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিকুল ইসলাম মিজান।

 

তিনি জানান, বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।

 

রিট আবেদনে উল্লেখ করা হয়, গত ৩ এপ্রিল দৈনিক ইত্তেফাক-এ ‘হাসপাতালের ৩০ একর জমিই হাতছাড়া!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়।

 

জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হাসপাতালের নামে ৩২ একর জমি বরাদ্দ রয়েছে। এর মধ্যে প্রায় ৮ একর জমিতে সাততলা হাসপাতাল ভবন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার, মসজিদ ও পানির পাম্প রয়েছে।

 

অবশিষ্ট জমিতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), নিমিউ অ্যান্ড টিসি, টেমো ওয়ার্কশপ, পরিবার পরিকল্পনা পণ্যাগার, আইপিএইচ স্কুল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় ক্যান্সার হাসপাতাল এবং কুষ্ঠ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মিত হয়েছে।

 

তবে এসব সরকারি স্থাপনার অনুকূলে জমি বরাদ্দের কোনো নথিপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই বলে জানানো হয়। যদিও প্রতি বছর পুরো ৩২ একর জমির খাজনা বা ভূমি কর পরিশোধের জন্য ভূমি অফিস থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়।

 

এছাড়া অবশিষ্ট খালি জমিতে বহিরাগতরা অবৈধভাবে কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকানপাট, কাঁচাবাজার, বরফকল, রিকশা ও অটোরিকশা গ্যারেজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। ফলে সরকারি জমির বড় একটি অংশ বর্তমানে অবৈধ দখলে রয়েছে। পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

 



সম্পর্কিত খবর