ঢাকা

‘মডেল টাঙ্গাইল’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে টুকুর মনোনয়নপত্র জমা

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হকের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

 

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “নির্বাচিত হলে টাঙ্গাইল সদরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সুশাসনের মাধ্যমে টাঙ্গাইলকে সারা দেশের কাছে একটি ‘মডেল টাঙ্গাইল’ হিসেবে পরিচিত করতে আমি বদ্ধপরিকর।”

 

এ সময় তিনি নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ধানের শীষ বিজয়ী হবে।

 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, ছাত্রদল ও যুবদলের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে বিগত সরকারের আমলে তাকে প্রায় ৩৫০টি মামলার মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে ১২ দফায় প্রায় পাঁচ বছর কারাভোগ করেছেন এই নেতা। গত ৪ ডিসেম্বর বিএনপি তাকে টাঙ্গাইল-৫ আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদান করে।



সম্পর্কিত খবর