নরসিংদীর রায়পুরায় জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামী অপু আহমেদকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের কাজী মো. বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি করাতকলের (স-মিল) পাশ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অপু আহমেদ মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় কারাবন্দি অবস্থায় পালিয়ে গিয়েছিলেন তিনি। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একটি করাতকলের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অপুর বলে শনাক্ত করেন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত ব্যক্তি ১৯ জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সুরতহালে তাঁর মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।”