নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে নাউছাসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
শুক্রবার (২২ অক্টোবর) সকালে নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি (নাউছাস), ঢাকা-এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় এমপি এম এ হান্নান বলেন, “আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন নাসিরনগর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যায়ক্রমে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান, সড়কের দুই পাশসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম, নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা-এর ভারপ্রাপ্ত আহ্বায়ক আমির হামজা শাকিল, সদস্যসচিব আদনান সাদী ও আহ্বায়ক কমিটির সদস্য তন্ময় আহমেদ।
অনুষ্ঠানে নাউছাসের সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।