দেশের খবর

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) ডিবির অভিযানে তাদের আটক করা হয়। ডিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলামের স্ত্রী এবং তার দুই শ্যালক। তবে তাদের নাম, কোথায় থেকে এবং কখন তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। উল্লেখ্য, মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়।

 

দুর্নীতির তদন্ত চলার মধ্যে গত ১৫ অক্টোবর সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাসহ চারজনের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে তাদের নামে ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে। আরও যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, তারা হলেন—মনিরুলের শ্যালক ব্যবসায়ী রেজাউল আলম শাহীন ও তার স্ত্রী সানজিদা খান টুম্পা।

 

 

 

পঞ্চদশ বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ২০০৯ সালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (গোয়েন্দা) দায়িত্বে আসেন। তার হাত ধরে ২০১৬ সালে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) যাত্রা করে। এরপর ২০২১ সালের মার্চে এসবিপ্রধানের দায়িত্বে আসেন মনিরুল। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে ওইদিন আরেক আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

 

 

 

সেদিনই একদল কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়লা ফারজানা। ওই কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখলে ঊর্ধ্বতনরা পুলিশ পাহারায় তাকে বাসায় পাঠিয়ে দেন। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি সায়লার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়, সেদিনই তাকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার ‘জনস্বার্থে প্রয়োজন মনে করলে’ কোনো রকম কারণ না দেখিয়ে চাকরি থেকে অবসর দিতে পারবে।

 



সম্পর্কিত খবর