রাজশাহী

রাণীনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সভা

সারা দেশে সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, অন্যতম সদস্য এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার ইন্ধনে দেশের বিভিন্ন অঞ্চলে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশজুড়ে এখনো অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অপচেষ্টা চলছে। আপনারা কারো উসকানিতে বা গুজবে কান না দিয়ে সরকারকে সার্বিক সহযোগিতা করুন।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাই কোনো নৈরাজ্যকে ভয় না পেয়ে কঠোরভাবে প্রতিহত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। নির্বাচনের আগে দলের দেওয়া প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইতিমধ্যেই তার বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষক কার্ড ও অসচ্ছল নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এলাকায় শান্তি ও উন্নয়নের অগ্রযাত্রা বেগবান করতে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।



সম্পর্কিত খবর