পঞ্চগড়ে চা চাষি, চা বাগান মালিক, চা-সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কারখানা মালিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা, চা চাষিদের সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই চা চাষিরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।
২৮ নভেম্বর শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চা চাষিদের মিলনমেলা ও চায়ের গুণগত মান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, চা পঞ্চগড়ের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সার নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। সার সরবরাহে সরকার বর্তমানে খুবই আন্তরিক। নভেম্বরে অতিরিক্ত আরও ৬ হাজার মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। সারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
চা খাতের উন্নতির জন্য মানসম্মত উৎপাদন পদ্ধতি চালু করতে হবে। চা রপ্তানিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে, যাতে চায়ের গুণগত মান ভালো থাকে। দুটি পাতা একটি কুঁড়ি দিয়ে চা তৈরি করলে চায়ের মান বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। চায়ের মান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পঞ্চগড়ের চা যেন বিশ্ব বাজারে স্থান করে নিতে পারে, সে আশাবাদ ব্যক্ত করছি।
চা চাষিরা বলেন, বর্তমানে তাঁরা কেজিপ্রতি ৪০-৪২ টাকা দরে কাঁচা চা পাতা বিক্রি করছেন। চায়ের সিন্ডিকেট না থাকায় বর্তমানে চায়ের দাম বেড়েছে; আগের তুলনায় তাঁরা দাম বেশি পাচ্ছেন। তাঁরা আরও বলেন, বর্তমানে চায়ের বাগানে সারের সমস্যায় ভুগছেন। অন্যান্য কৃষি জমির মতো চায়ের জমির জন্যও সারের ব্যবস্থা করতে হবে। সারের সমস্যার কারণে চায়ের উৎপাদন কম হচ্ছে। পর্যাপ্ত সারের ব্যবস্থা করলে উৎপাদন ও সরবরাহ বাড়বে। জানুয়ারিতে প্রচুর পরিমাণে সারের প্রয়োজন দেখা দেয়; এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানিক উদ্দিন মানিক খান, চা চাষি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং ঠাকুরগাঁও চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু।
দিনব্যাপী চা চাষি সম্মেলন ও চায়ের মান উন্নয়নে কর্মশালায় পঞ্চগড়ের পাঁচ উপজেলার চা চাষি, চা বাগান মালিক, চা কারখানার মালিক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।