পঞ্চগড়ে সমতল অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (৬) ড. কে এম আলমগীর কবির।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন সভায় সভাপতিত্ব করেন। এ সময় পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁদের সমস্যা, সংকট ও সমাধানের কথা শোনেন।
‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির কার্যক্রম বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ড. কে এম আলমগীর কবির বলেন, সরকারের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। উন্নয়নের ধারাবাহিকতায় যেন কোনো মানুষ পিছিয়ে না পড়ে, তাই আমরা আপনাদের কথা শুনতে চাই। প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সরাসরি আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আমাদের জাতিসত্তার প্রতীক এবং অত্যন্ত মানবিক; তাই তাঁদের জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আগের মতো বড় উদ্যোগ আর বড় লুটপাট এখন হবে না। বিদেশে টাকা পাচার করার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করতে চায়। এ সময় এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সরাসরি খোঁজখবর নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেন তিনি।