রাজনীতি

বিএনপি-জামায়াতসহ ১৫ দলের সঙ্গে ইসি মতবিনিময় রোববার

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় শুরু হচ্ছে রোববার (২৯ নভেম্বর)। প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ ১৫টি দলের সঙ্গে বসবে সংস্থাটি। শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে।

 

এক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে বসতে পারে ইসি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যস্ত মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথমদিনে বিএনপি-জামায়াতসহ ১৯ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে ইসির। বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও বাইরে রাখা হয়েছে।

 

৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে। তবে রোববারের আয়োজনে যারা অংশ নিতে না পারবে তাদের জন্য পরবর্তীতে সুযোগ থাকছে।

 

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

 



সম্পর্কিত খবর